শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রাম থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার


Jahid প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ৮:১৭ অপরাহ্ন / ০ Views
শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রাম থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজারসংলগ্ন সেতুর নিচে কুড়েমনি খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত
ওই নারীর বয়স আনুমানিক ২৬ বছর বলে জানিয়েছে পুলিশ। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন ব্যক্তি কুড়িকাহনীয়া সেতুর নিচে খালের মধ্যে একটি ড্রাম দেখতে পায়। ড্রামের মুখ খোলা থাকায় এর ভেতরে মানুষের শরীরের মতো কিছু দেখতে পেয়ে তাঁরা কাছে গিয়ে এক নারীর লাশ দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে
 শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে লাশটি উদ্ধার করে। পরে লাশের পরিচয় শনাক্তের কাজ শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় বাসিন্দা আহেদ আলী বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের কুড়িকাহনিয়া সেতুর নিচে কুড়েমনি খালে একটি ড্রামের মধ্যে নারীর লাশ দেখতে পান তিনি। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ড্রামের ভেতরে লাশটি পাওয়া যায়। নারীর মাথার বিভিন্ন স্থানে কাটা জখমসহ শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সেতুর ওপর থেকে লাশটি নিচে ফেলে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তে পিবিআইয়ের সদস্যরা বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে কাজ করছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।