ফতুল্লায় সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি প্রার্থী মোহাম্মদ আলীর মতবিনিময়

খবর নারায়ণগঞ্জ.কম:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার ভূইঘর রুপায়ন এলাকায় সাধারণ মানুষ ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী হাতি মার্কার আলহাজ্ব মোহাম্মদ আলী। এ সময় তিনি হাতি মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় আলহাজ্ব মোহাম্মদ আলী বলেন, “ফতুল্লাসহ নারায়ণগঞ্জ-৪ আসনের সার্বিক উন্নয়নের জন্য একটি শক্তিশালী ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে।” তিনি উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হাতি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় সাধারণ মানুষও এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
